চলে গেলেন সংগীতশিল্পী প্রভা আত্রে
- S Mon
- 14 Jan, 2024
ভারতীয় কিরানা ঘরানার প্রবীণ শাস্ত্রীয় সংগীতশিল্পী প্রভা আত্রে (৯২) শনিবার ভারতের পুনের বাড়িতে মারা গেছেন।
শিল্পীর পরিবার সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে ৩টা নাগাদ ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন প্রভা আত্রে। জানা গেছে, শিল্পীর সাড়া না পেয়ে তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে শিল্পীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে আজই মুম্বাইতে তার একটি অনুষ্ঠান করার কথা ছিল।
তিনি কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন। তার গায়কিতে সংগীতের দুনিয়ায় অন্য দুই মহান ব্যক্তি, খেয়ালের জন্য আমির খান এবং ঠুমরির জন্য বড় গুলাম আলী খানের প্রভাব তিনি নিজেই স্বীকার করেছিলেন। এছাড়াও তিনি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন।
ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সংগীতে তার অবদানের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার তাকে ১৯৯০ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। তিনি ২০২২ সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। প্রভা আত্রে সংগীতের উপর বহু বইও লিখেছেন।
জানা গেছে, প্রয়াত বর্ষীয়ান এই সংগীতশিল্পীর পরিবারের সকলেই প্রায় আমেরিকায় থাকেন। তারা দেশে আসার পর আগামী মঙ্গলবার শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

