:

পুরান ঢাকায় আজ ‘সাকরাইন উৎসব’

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

আজ পৌষসংক্রান্তি। ঐতিহ্যের আলোয় পৌষের শেষদিনকে রঙিন করতে মাতোয়ারা পুরান ঢাকাবাসী। পুরান ঢাকার বাসিন্দাদের সাকরাইন উৎসবে মেতে ওঠার দিন। রং-বেরঙের ঘুড়িতে ছেয়ে যাবে বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ। উৎসব ঘিরে পুরান ঢাকার অলিগলিতে চলছে ঘুড়ি বেচাকেনার ধুম। শিশু, তরুণ, বৃদ্ধরা কিনছেন ঘুড়ি, নাটাই, সুতা। চলছে সুতায় মাঞ্জা দেওয়ার কাজ। পুরান ঢাকায় চলছে ঘুড়ি বেচাকেনার ধুম।
সাকরাইনে ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রং-বেরঙের ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ।
ভবনের ছাদে হয়ে থাকে নানা আয়োজন। সাকরাইন উপলক্ষে এবারও সাজানো হয়েছে পুরান ঢাকার বিভিন্ন এলাকা।

সূত্রাপুর, নবাবপুর, শ্যামবাজার, ধূপখোলা, শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, সদরঘাট, গেণ্ডারিয়া, নারিন্দা, লালবাগ, চকবাজার, মুরগিটোলা, ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় গতকাল সাকরাইনের আমেজ দেখা গেছে। ধূপখোলাসহ বিভিন্ন এলাকার ঘুড়ির দোকানগুলোয় পাওয়া যাচ্ছে চোখদার, রকদার, গরুদার, ভোমাদার, কাউঠাদার, মাছলেঞ্জা, ফিতালেঞ্জা, একরঙা, চানতারা, সাপঘুড়ি, প্রজাপতি, পেঁচা, বাক্স প্রভৃতি ঘুড়ি।
ঘুড়ি-নাটাইয়ের ব্যবসায়ী বলেন, ‘অর্ডার কমে গেছে, তার পরও মোটামুটি চলছে। আমরা বছরজুড়েই ঘুড়ি-নাটাইয়ের ব্যবসা করি। সাকরাইন উপলক্ষে অন্যরকম আমেজ সৃষ্টি হয়। মূল ক্রেতা তরুণ-তরুণীরা।’
গেণ্ডারিয়া থেকে শাঁখারীবাজারে ঘুড়ি কিনতে এসেছে শিক্ষার্থী ইয়াসফি ও তার বন্ধু নাইমুর, রেদোয়ান।

তারা বলে, তাদের কাছে এই উৎসব অনেক ভালো লাগে। প্রতিবছর পৌষ মাস এলে আনন্দ লাগে। ঘুড়ি উড়ায়, বন্ধুদের সঙ্গে কাটাকাটি করে ভালোই লাগে।
ধোলাইখাল থেকে সন্তানকে নিয়ে পিতা এসেছেন বাংলাবাজারে ঘুড়ি কিনতে। তিনি বলেন, ‘একসময় আমরা ঘুড়ি উড়িয়েছি। এখন আমাদের বাচ্চাদের সময়। তাই তাদের জন্য প্রতিবছর ঘুড়ি কিনে দিতে হয়।’
ধূপখোলার এক বাসিন্দা বলেন, ‘পুরান ঢাকায় সাকরাইন চমৎকার উৎসব। ঘুড়ি উড়ানোর পাশাপাশি পৌষসংক্রান্তির পিঠা উৎসব করা হয়ে থাকে। এ উৎসবে স্থানীয়রা আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ করে থাকে।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *