:

আজ মুক্তি পেয়েছে আহমেদ রুবেলের ‘পেয়ারার সুবাস’

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

দীর্ঘ আট বছর অপেক্ষা শেষে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত, আহমেদ রুবেল অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। নিজের সিনেমার মুক্তির দু’দিন আগেই না ফেরার দেশে চলে গেছেন রুবেল। জয়া আহসানের পাশাপাশি এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও ছোট পর্দার এই অভিনেতা ।
বুধবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হওয়ার কথা। নির্মাণের এতদিন পর ছবিটি মুক্তি পাচ্ছে বলেই একটা বাড়তি উত্তেজনা নিয়ে প্রদর্শনীতে অংশ নিতে রওনা দিয়েছিলেন এ অভিনেতা। উত্তরা থেকে সিনেমার পরিচালক নুরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা আসছিলেন। তখন তার ‘পেয়ারার সুবাস’ নিয়ে কতই না উত্তেজনা কাজ করছিল তার মনে। নিজের অভিনীত সিনেমার প্রদর্শনীতে নিজে গাড়ি চালিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যান আহমেদ রুবেল। সেখানে বেসমেন্টে গাড়ি থেকে নামার পরই অসুস্থ বোধ করেন তিনি।
লিফটের দিকে এগোতে গিয়ে অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হার্টঅ্যাটাক করে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৫ বছর। এ সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক।
সিনেমাটির প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেছেন, ‘আহমেদ রুবেল ভাই গাড়িতে করে বসুন্ধরা আসছিলেন। গাড়িটির চালকের আসনে তিনি নিজেই ছিলেন। রাজধানীর বসুন্ধরা সিটির পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল।’
সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয় জীবন শুরু হয় আহমেদ রুবেলের। তার অভিনীত প্রথম নাটক ‘স্বপ্নযাত্রা’। যার পরিচালক ছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদের নাটক ‘পোকা’-তে অভিনয় করেন যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন। আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখার পরে অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *